‘‌কাশ্মীরের রাস্তা এখন পরিষ্কার, বিয়ের জন্য মেয়ে আনা যাবে’‌

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০৮:৪৫ পিএম

কাশ্মীরি নারীদের উদ্দেশে এবার কুরুচিপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। শুক্রবার ফতেহাবাদে মহাঋষি ভগীরথ জয়ন্তী সমারোহ অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির এই মুখ্যমন্ত্রী। 

সেখানে তিনি জম্মু–কাশ্মীরের ৩৭০ ধারা লোপ প্রসঙ্গ তুলে কুরুচিপূর্ণ এ মন্তব্য করেন। 

মনোহর লাল বলেন, ‘‌আমাদের মন্ত্রী ওপি ধনকড় বলেছেন তিনি বিহার থেকে পূত্রবধূ নিয়ে আসবেন। তবে মানুষ এখন বলছেন কাশ্মীরের রাস্তা তো পরিষ্কার। তাই কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যায়।’‌ 

তবে অনুষ্ঠানে মনোহর লাল বলেন, ‘‌হরিয়ানায় শিশু কন্যা জন্মের হার ছিল অত্যন্ত কম। কিন্তু সরকার বেটি বাঁচাও–বেটি পড়াও কর্মসূচী নিয়ে আসার পর কন্যা সন্তান জন্মের হার বেড়েছে।’‌ 

এর আগে ৭ আগস্ট উত্তরপ্রদেশের মুজফফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেছিলেন, ‘‌৩৭০ ধারা লোপের পর বিজেপি কর্মীরা বেশ উত্তেজিত। এখন তারা কাশ্মীরের সুন্দরী মহিলাদের বিয়ে করতে পারবেন।’‌

তিনি বলেন, ‘‌আগে কোনো কাশ্মীরি মেয়ের সঙ্গে উত্তরপ্রদেশের কারও বিয়ে হলে নাগরিকত্ব বদলাতে হতো। উপত্যকার মেয়েদের বাইরে বিয়ে হলে নাগরিকত্ব বাতিল হতো। এবার আর বিয়েতে কোনো বাধা রইল না। ওখানের ফর্সা মেয়েদের বিয়ে করতে পারবেন উত্তরপ্রদেশের নাগরিকও। মোদিজি আমাদের স্বপ্নপূরণ করেছেন।’‌ 

এই মন্তব্যের জন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সাইনিকে। যদিও তিনি দাবি করেন, কোনো বিতর্কিত মন্তব্য তিনি করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত