হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০৯:০০ পিএম

দু’দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ রকমভেদে বিক্রি হচ্ছে ২৫-২৬ টাকায়। দু’দিন আগে এ দর ছিল ১৯-২৩ টাকা। পাইকারিতে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা দু’দিন আগে ছিল ২০-২২ টাকা। এছাড়া দেশি পেঁয়াজের কেজি দাঁড়িয়েছে ৪০ টাকা। দু’দিন আগে এ পণ্য বিক্রি হয় ৩৫ টাকায়। হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহা ও শোক দিবস উপলক্ষে গত শুক্রবার থেকে আগামী শনিবার পর্যন্ত হিলিসহ দেশের সব বন্দর দিয়ে ৮-৯ দিন পুরোপুরি আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। এতে পেঁয়াজ আমদানিও বন্ধ থাকবে। এছাড়া ঈদের কারণে গত বুধবার পর্যন্ত ৪৫-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বৃহস্পতিবার হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র ২৪ ট্রাক পণ্য। এতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম খানিকটা বেড়েছে। তবে ছুটি শেষে হিলিসহ সব বন্দর দিয়ে আমদানি স্বাভাবিক হলে দেশের পেঁয়াজের দাম কমে আসবে বলে জানিয়েছেন তারা।

                                          

×
সর্বশেষ সর্বাধিক পঠিত