নাপোলিকে উড়িয়ে দিল বার্সা, সুয়ারেসের জোড়া গোল

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৮:৫৯ এএম

প্রথমার্ধে বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড়দের আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর পারল না নাপোলির রক্ষণভাগ। এই সময়ে জোড়া গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেস। একবার করে জালে বল জড়িয়েছেন অতোঁয়ান গ্রিজমান ও উসমানে দেম্বেলে। তাতে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাবটিকে স্রেফ উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

মিশিগানে অনুষ্ঠিত শনিবার রাতের ম্যাচটিতে ৪-০ গোলের জয় পায় বার্সেলোনা। প্রথমার্ধে গোলশূন্য এরনেস্তো ভালভেরদের দল দ্বিতীয়ার্ধে সবকটি গোলের দেখা পায়।  ফ্লোরিডার মিয়ামিতে গত বৃহস্পতিবারও প্রাক মৌসুমের ম্যাচে নাপোলিকে ২-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা।

৪৮তম মিনিটে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে বার্সেলোনাকে এগিয়ে নেন সুয়ারেস। আট মিনিট পর জর্দি আলবার পাস থেকে বল পেয়ে জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন আথলেতিকো মাদ্রিদ থেকে সদ্যই বার্সেলোনায় নাম লেখানো ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান। দুই মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সুয়ারেস। ৬৩তম মিনিটে নাপোলির কফিনে শেষ পেরেক ঠুকেন উসমানে দেম্বেলে।

নতুন মৌসুম শুরুর আগের প্রস্তুতি পর্বে বার্সেলোনার এটি টানা চতুর্থ জয়। আগামী শুক্রবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে কাতালান ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত