নিরাপত্তাহীনতায় ওজিল, বাড়ির সামনে থেকে গ্রেপ্তার ২

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০৫:৫৪ পিএম

জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে জার্মানি জাতীয় ফুটবল দল থেকে অবসর নেওয়া মেসুত ওজিল নিরাপত্তাহীনতায় রয়েছেন। চলতি সপ্তাহে তার বাড়ির সামনে থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওজিলের ক্লাব আর্সেনাল শুক্রবার জানায়, নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় রোববারের ম্যাচে সিড কোলাসিনাকের সঙ্গে তাকে রাখা হবে না।

দুই সপ্তাহ আগে ওজিল এবং কোলাসিনাক রাস্তায় ডাকাতের কবলে পড়েন। অস্ত্র নিয়ে তাদের গাড়ি ধাওয়া করে সন্ত্রাসীরা।

ভয়াবহ ওই ঘটনায় দুই খেলোয়াড় নিজেদের বাঁচাতে একটি রেস্টুরেন্টে আশ্রয় নেন।

এরপর তারা ক্লাবে ফিরে একটি প্রীতি ম্যাচসহ অনুশীলনে অংশ নিলেও নিউক্যাসলের বিপক্ষে রোববার খেলতে পারছেন না।

দ্য মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আর্সেনালের সঙ্গে যোগাযোগ রেখে ওজিলদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

গোলডটকম জানিয়েছে, দুই ফুটবলার অক্ষত থাকলেও বুধ এবং বৃহস্পতিবার একাধিকবার ঝামেলায় পড়েন তারা। যার কারণে রোববারের ম্যাচে দুজনকে রাখা হয়নি।

তারকা মিডফিল্ডার ওজিল জাতীয় দলের হয়ে ২৩টি গোল করার পাশাপাশি ৪০টিতে অবদান রাখেন। গত বিশ্বকাপের আগে মে মাসে তুর্কিস্তানের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ছবি তোলায় জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) রোষানলে পড়েন। তিনি মূলত তুর্কিশ বংশোদ্ভূত। কিন্তু জন্মগ্রহণ করেন জার্মানিতে। ফুটবলের জন্য জার্মানিকেই বেছে নেন।

অবসর নেওয়ার সময় ওজিল বলেন, ‘আমরা যখন জিতি তখন আমি জার্মান, কিন্তু যখন হেরে যাই তখন আমাকে বিদেশি বলে ডাকা হয়!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত