সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১২:৪৫ পিএম

সাতক্ষীরায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাত ৩টার সময় শহরের সুলতানপুর পালপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ দীপিকা হাজরা কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের অমিয় হাজরার মেয়ে।

নিহতের মা কল্পনা হাজরা বলেন, এক বছর আগে তার মেয়ের সঙ্গে বিয়ে হয় সুলতানপুর পালপাড়া গ্রামের অপারেষ পালের ছেলে অনিমেষ পালের।

বিয়ের পর থেকে মেয়েকে যৌতুকের দাবিতে তাকে প্রায় মারধর করতো। চাহিদামতো তাকে কয়েক দফা যৌতুকের টাকাও দেওয়া হয়।

জামাই অনিমেষ পাল বাগেরহাটে চাকরি করতেন। মেয়েকে সেখানে যেতে দিত না শাশুড়ি নিয়তি পাল ও শ্বশুর অপারেষ পাল। এমনকি মোবাইলেও জামাইয়ের সঙ্গে কথা বলতো দিত না।

তিনি বলেন, গত চার দিন আগে তার বাড়ি থেকে মেয়েকে নিয়ে যায় তার জামাই। মেয়ে প্রথমে যেতে না চাইলে তাকে সেখানেও মারধর করা হয়। গতকাল রাত তিনটার দিকে জামাই ফোন করে বলে আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা শোনার পর আমরা এসে দেখি মেয়ে ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। জামাই বাড়ির লোকজন বলতে থাকে রাতে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েকে নামানোর পর তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়।

তিনি অভিযোগ করেন, তার মেয়েকে প্রথমে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে প্রচার দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত