যশোরে ট্রেনে কেটে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তিনি ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে এ দুর্ঘটনার শিকার হন।
নিহত রিজিয়া বেগম (৬৫) টাঙ্গাইল জেলার কালিহাটি উপজেলার সাতিহাটি গ্রামের হাজি তোফাজ্জেল হোসেনের স্ত্রী।
নিহতের জামাই রস্তুম আলী জানান, শাশুড়িসহ তিনি, তার স্ত্রী ও সন্তান যশোরের শার্শা উপজেলার নাভারণে যাওয়ার জন্য বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর রেল স্টেশনে এসে পৌঁছান। এসময় ট্রেন থেকে নামতে গিয়ে তার শাশুড়ি পা পিছলে নিচে পড়ে যান।
একই সময় ট্রেনও চলতে শুরু করে এবং রিজিয়া বেগমের দুই পায়ের উপর দিয়ে চলে যায়। দুই পা কেটে ও মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর জখম হন। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিয় দাস বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
