চট্টগ্রামে ট্রাকচালক ধর্ষণ থেকে রক্ষা করলেন বাসযাত্রী এক নারীকে। শনিবার মধ্যরাতে কাজির দেউড়ি এলাকায় চলন্ত বাসে চালক ও হেলপার ওই নারীকে ধর্ষর্ণের চেষ্টা চালায়।
এ ঘটনায় বাসচালক রবিউল আউয়াল (২২) ও হেলপার মো. হৃদয়কে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির গ্রামের বাড়ি চাঁদপুর। তবে ট্রাকচালক ঘটনার পরপরই স্থান ত্যাগ করায় পরিচয় জানা সম্ভব হয়নি।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ঘটনার শিকার নারী শনিবার রাতে জরুরি প্রয়োজনে মিস্ত্রিপাড়া দেওয়ানহাট এলাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে শাহ আমানত সেতু থেকে বাসে ওঠেন। রাত ১২টায় বাসটি জিইসির মোড়ে পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যান। বাসটি তখন দেওয়ানহাটের দিকে না গিয়ে কাজির দেউড়ির দিকে মোড় নেয়। বাসটি চিটাগাং ক্লাবের সামনে পৌঁছালে হেলপার তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই নারী চিৎকার করলে বাসের পেছনে থাকা গরুবাহী একটি ট্রাকের চালক তা খেয়াল করেন। সঙ্গে সঙ্গেই ট্রাক নিয়ে বাসটিকে ধাওয়া করেন তিনি।
মামলার বরাত দিয়ে পুলিশ আরো জানায়, একপর্যায়ে ওভারটেক করে কাজির দেউড়ি মোড়ে পৌঁছে ট্রাকচালক বাসের গতিরোধ করতে সক্ষম হন। বাস থামামাত্র ওই নারী লাফিয়ে নামলে আশপাশের লোকজন ও টহল পুলিশ এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে ওই নারীর দায়ের করা মামলায় চালক ও হেলপারকে গ্রেপ্তার দেখানো হয়।
