বাগদত্তাকে ধর্ষণের জন্য বন্ধুর হাতে তুলে দিল যুবক

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৬:০২ পিএম

ঝালকাঠিতে নিজের বাগদত্তাকে (২২) বন্ধুকে দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার নলছিটি উপজেলার কাপড়কাঠি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণে সহযোগিতা করায় পুলিশ সাগর হাওলাদার (২৫) নামে এক যুবককে রাতে আটক করলেও ধর্ষক রিয়াজ (২৬) পালিয়ে গেছে।

ধর্ষক রিয়াজ ও সাগর একে অপরের বন্ধু এবং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সাগরের সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তাব চলছিল। ঈদের কয়েক দিন পরেই তাদের বিয়ে হওয়ার কথা। বৃহস্পতিবার রাতে কথা বলার জন্য মেয়েটিকে বের হতে ফোন করে সাগর। মেয়েটি তার ছোট ভাইকে নিয়ে বাড়ির সামনে বের হলে ভাইকে সাগর বাড়িতে পাঠিয়ে দিয়ে মেয়েটিকে অটোতে করে একটি দিঘির পাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষমাণ সাগরের বন্ধু রিয়াজ মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটির পা ধরে রেখে রিয়াজকে ধর্ষণে সহযোগিতা করে সাগর।

পুলিশ আরো জানায়, মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী এসে সাগরকে আটক করলেও ধর্ষক রিয়াজ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং সাগরকে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার রাতেই মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, আমি মেয়েটির সঙ্গে কথা বলেছি। রিয়াজ তাকে ধর্ষণ করেছে এবং সাগর ধর্ষণে সহযোগিতা করেছে। তবে ধর্ষণের ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি সাগর। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে নলছিটি থানায় রিয়াজ ও সাগরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

ধর্ষক রিয়াজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত