‘আমরা এখন মিশন শুরুর অপেক্ষায়। লা লিগার নতুন মৌসুম নিয়ে এখন আমাদের ভাবনা। আর আমরা বেশ খুশি।’- লা লিগায় নিজেদের মিশন শুরুর ঠিক আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এভাবেই বললেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। লস ব্লাঙ্কোসরা এরই মধ্যে পাড়ি দিয়েছে প্রতিপক্ষের মাঠে।
ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর গত মৌসুমটা মোটেও ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। কয়েক দফা কোচ বদল হয়েছে। শেষ পর্যন্ত শেষ দিকে জিনেদিন জিদানকে ফেরানো হয় ডাগ আউট সামলাতে।
এ মৌসুমে বেশ ক’জন তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছেন জিদান। চেলসি ছেড়ে ইডেন হ্যাজার্ড এসেছেন। কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজও থাকছেন রিয়ালে। শেষ দুই মৌসুম যিনি ধারে খেলেছেন বায়ার্ন মিউনিখে।
জিদান দুজনকে নিয়ে বলতে গিয়ে বললেন, ‘জেমস (জেমস রদ্রিগেজ) ফিট আছে। আমি আনন্দিত যে সে দলের অংশ। ইডেনকে (ইডেন হ্যাজার্ড) নিয়েও আমি খুশি। নতুন ছয়জন খেলোয়াড় আছেন, তাদের সবাইকে নিয়েই একই কথা বলব।’
প্রাক মৌসুমটা ভালো যায়নি রিয়ালের। যা ভুলে নতুন শুরু করতে চান জিদান, ‘প্রাক-মৌসুম শেষ। ফলাফলের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি।’
এদিকে সেল্টার বিপক্ষে খেলতে পারবে না দানি কারবাহাল। গত মৌসুমের শেষ দিকে পেয়েছিলেন নিষেধাজ্ঞা। যে খড়্গ কাঁধে ঝুলছে তার। তবে জিদান সে নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন।
গ্যারেথ বেল ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রয়ে গেছেন। এদিকে পল পগবা ও নেইমারকে খুব করে চেয়েছিল রিয়াল। যদিও তাদের ভেড়াতে পারেনি। নেইমার ও পবগাকেও তাই প্রশ্ন শুনতে হলো জিদানকে। তবে এই দুজনকে নিয়ে এদিন খুব বেশি কিছু বলেননি জিদান।
