মাথায় ক্রিকেট বলের আঘাত পেয়ে চিকিৎসারত অবস্থায় ইংলিশ আম্পায়ার জন উইলিয়ামস মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকালে ৮০ বছর বয়সী ওই আম্পায়ারের মৃত্যু হয়।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফের একটি খবরে বলা হয়, গত ১৩ জুলাই ওয়েলসের ট্রেটলিটে ঘরোয়া দ্বিতীয় বিভাগ লিগে আম্পায়ারের দায়িত্ব পালন করার সময় এক ব্যাটসম্যানের একটি শটে বল সরাসরি তার মাথায় আঘাত করলে তৎক্ষণাৎ তিনি লুটিয়ে পড়েন জন।
তাৎক্ষনিকভাবে মাঠের মধ্যেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে মাঠ থেকে একশ মাইল দূরে কার্ডিফের ইউনিভার্সিটি অব ওয়েলস হাসপাতালে নিয়ে যাওয়া হয় উইলিয়ামসকে। সেখানে চিকিৎসারত অবস্থায় পরবর্তীতে কোমায় চলে যান তিনি। এরপর ২ আগস্ট কার্ডিফ থেকে সংকটাপন্ন অবস্থায় উইথবাশ হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তরিত করা হয়। পরে শেষ পর্যন্ত সেখানেই মৃত্যুবরণ করেন জন উইলিয়ামস।
