রাজধানীর ধানমণ্ডির একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে রিয়া আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ধানমণ্ডি ৭/এ সড়কের ৯১/এম নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। রিয়ার বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। চলতি মাসের ৪ তারিখে ওই ভবনের ১০ তলায় মমিনুল হাসান নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে কাজ শুরু করেছিল সে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পালানোর উদ্দেশ্যে ওই ফ্ল্যাটের বারান্দা দিয়ে ওড়না ও দড়ি বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে যায় সে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ধানমন্ডি থানার এসআই পলাশ কুমার বিশ্বাস বলেন, প্রাথমিক আলামতে মনে হয়েছে, ১০তলার বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে যায় মেয়েটি। তার শরীরে নির্যাতনের কোনো চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। কাজে যোগ দেওয়ার পর থেকেই সে বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব ছিল বলে গৃহকর্তা মমিনুল জানিয়েছেন।
তিনি আরও বলেন, ১০তলার বারান্দা দিয়ে বেশ কয়েকটি ওড়না আর দড়ি একসঙ্গে বেঁধে ভোরবেলায় নামার চেষ্টা করে রিয়া। কিন্তু দড়ি ছিঁড়ে সে নিচে পড়ে যায়। স্থানীয়রা রিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৃহকর্তা মমিনুল হাসানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ধানমণ্ডি থানার ওসি আবদুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত রিয়ার মা-বাবা থানায় এসে কোনো অভিযোগ করেননি। রিয়া ওই বাসায় প্রথম থেকেই কাজ করতে চাইছিল না বলে তার মাকে জানিয়েছিল। সে পালিয়ে যেতে গিয়ে ভবন থেকে পড়ে মারা গেছে।’
