ছাত্রদলের কাউন্সিল: মনোনয়নপত্র বিতরণ শুরু

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০২:৫৪ পিএম

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মাঝে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে।

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকালে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।  

দুপুর দুইটার মধ্যে নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, হাবিবুর রশীদ হাবিব, রাজিব আহসান, আকরাম হোসেন প্রমুখ।

ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হবে।

নতুন তফসিল অনুযায়ী ভোটের জন্য মনোনয়নপত্র রোববারও সংগ্রহণ করা যাবে। জমা দেওয়া যাবে ১৯ ও ২০ আগস্ট। বাছাই ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ আগস্ট।

এরপর ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।

নির্বাচন পরিচালনা কমিটি এর আগে ১৫ জুলাই ভোটের তারিখ ঠিক করেছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের নেতা–কর্মীদের আন্দোলনের মুখে তা বাতিল হয়ে যায়।

সর্বশেষ ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি আর আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি করা হয়েছিল। ওই কমিটিতে ৭৩৬ জনকে বিভিন্ন পদ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত