আমেরিকার মুসলিমরা মাত্র ১০ দিনে ৮৪ লাখ টাকার বেশি সংগ্রহ করে ট্রাম্প প্রশাসনের কাছে বন্দি ছয় অভিভাবককে মুক্ত করেছে। জামিনের পর তারা পরিবারের কাছে ফিরেছেন।
হাফপোস্ট জানিয়েছে, সেলিব্রেটমার্সি নামের একটি দাতব্য সংস্থা এই অর্থ সংগ্রহ করেছে ‘মুসলিমস ফর মাইগ্রেন্টস’ ক্যাম্পেইনের মাধ্যমে।
১২ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পেইন কয়েক দিনের মধ্যে আমেরিকায় ছড়িয়ে পড়ে। অনেক মুসলমান সাহায্যের জন্য এগিয়ে আসেন।
মুক্তি পাওয়া ছয় অভিবাসী অভিভাবকের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে, তারা আফ্রিকান।
আটক হওয়ার আগে ওই অভিভাবকেরা বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এরপর তাদের সন্তানদের থেকে আলাদা করে শরণার্থী শিবিরে নেওয়া হয়।
দুই সন্তানের এক পিতা চলতি বছরের মে মাসে মুচলেকা দিয়ে মুক্তির অনুমিত পান। কিন্তু তার পরিবার প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছিলেন না।
লাইবেরিয়ার আরেকজন চার বছর আগে ধরা পড়েন। তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। তিনিও টাকার অভাবে মুক্তি পাচ্ছিলেন না।
