চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ১৯টি ছাগল ও ১টি ভেড়ার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে দামুড়হুদার দর্শনা রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা দেশ রূপান্তরকে জানান, দর্শনার আকন্দবাড়িয়া মাঠে ছাগল ও ভেড়া চরাচ্ছিল বেশ কয়েকজন রাখাল। দুপুর পৌনে ২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আকুন্দবাড়িয়া গ্রাম অতিক্রম করার সময় কাটা পড়ে ১৯টি ছাগল ও ১টি ভেড়া। এর মধ্যে আকন্দবাড়িয়া গ্রামের নূর ইসলামের ৭টি ছাগল ও ১ ভেড়া, রায়হানের ৬টি, জনির ৩টি, রহিমার ১টি ও কাশেমের ২টি ছাগল রয়েছে।
ছাগলের মালিক নূর ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিদিনের মতো গ্রামের আরও বেশ কয়েকজন প্রায় ৮০টি ছাগল নিয়ে আকন্দবাড়িয়া রেললাইনের ধারে চরাচ্ছিল। এ সময় রূপসা ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসে। এতে ছাগল ও ভেড়াগুলো হঠাৎ দৌড়াদৌড়ি শুরু করে। রাখালরা তখন ছাগলগুলোকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় ১৯টি ছাগল ও ১টি ভেড়া কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।’
