ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৮টার দিকে রাসেল নামের ওই যুবকের মৃত্যু হয়।
রাসেল মিয়া (৩২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার বলেন, রাসেল বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুরে তার অবস্থা অবনতি হওয়ায় ওই সময় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে রাসেলের মৃত্যু হয়েছে।
