এডিস নিয়ন্ত্রণে বুধবার ঢাকায় আসছেন জাতিসংঘের বিজ্ঞানীরা

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৯:৫৯ পিএম

ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশা নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করতে জাতিসংঘের বিজ্ঞানীদের একটি দল আগামী বুধবার (২১ আগস্ট) ঢাকায় আসছেন।

সোমবার ভিয়েনা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (ফাও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ৩ জন বিশেষজ্ঞের সমন্বয়ে দলটি গঠিত বলে জানা যায়। তারা এডিস মশার প্রজনন প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণের বিষয়ে সরকারকে পরামর্শ দেবেন।  

অস্ট্রিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিশেষ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দলটি আসছে। এ কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় দূতাবাসকে সহায়তা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ৩ জন বিশেষজ্ঞ আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো বৈজ্ঞানিক জ্ঞান জানার চেষ্টা করছি আমরা। আমরা আইএইএ-কে ধন্যবাদ জানাই বাংলাদেশকে সহায়তা করার জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত