সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে মোহাম্মদ শামীম (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত রবিবার রাত ১১টার দিকে স্টেশন চত্বর থেকে ২৪টি আগাম টিকিটসহ তাকে গ্রেপ্তার করা হয়। শামীম শহরের হাতিখানা অবাঙালি ক্যাম্পের মৃত শফিক মিয়ার ছেলে। তিনি সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কুলি।
রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, শামীম স্টেশনে কুলির কাজ করলেও দীর্ঘদিন থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিলেন। রবিবার রাতে ট্রেনের টিকিট উচ্চমূল্যে কালোবাজারে বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ আগস্টের এসি চেয়ারের ৯টি ও শোভন শ্রেণির ১৫টি টিকিট, দুটি মোবাইল এবং টিকিট বিক্রির ৫ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি বলেন, রাতেই শামীমের বিরুদ্ধে সৈয়দপুর জিআরপি থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
