বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী সদর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রবিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার ও সদস্য সচিব জহুরুল আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে রাহেদুল ইসলাম দোলনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কাজী আকতারুজ্জামান জুয়েলকে সদস্য সচিব করে ১০১ সদস্যের সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং মাহবুব-উর-রহমানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মাসুদ চৌধুরীকে সদস্য সচিব করে ৬১ সদস্যের নীলফামারী পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম বলেন, নীলফামারী জেলায় বিএনপিকে আগের তুলনায় আরও সুসংগঠিত এবং শক্তিশালী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার সব ইউনিট পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠনের জন্য সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে এবং এক মাসের মধ্যে পৌর শাখার সব ওয়ার্ড কমিটি পুনর্গঠন করতে পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
