সমলিঙ্গে বিবাহে মা হচ্ছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১০:৪৯ পিএম

মা হচ্ছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যামি সাদারওয়েট। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছেন।

সমলিঙ্গ বিবাহে আবদ্ধ হয়েছিলেন সাদারওয়েট। জাতীয় দলের সতীর্থ লি তাহুহুকে বিয়ে করেন তিনি। ২০১৩ সালের ১৯ আগস্ট নিউজিল্যান্ডে সমলিঙ্গ বিবাহ আইনসিদ্ধ হয়। সাদারওয়েট ও তাহুহুর প্রেম চলছিল ২০১৪ সাল থেকে। ২০১৭ সালে বিয়ে করেন তারা। গত বছর দক্ষিণ আফ্রিকার দুই নারী ক্রিকেটারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ‌‌

এদিন টুইটারে একটি ছবি পোস্ট করে সাদারওয়েট লিখেন, ‘লি এবং আমি শিহরিত। নতুন বছরে আমি আমাদের প্রথম সন্তানের মা হতে চলেছি। নতুন এই অধ্যায়ের জন্য আমরা কতটা উত্তেজিত তা ভাষায় প্রকাশের নয়।’

২০২০ সালের জানুয়ারিতে সাদারওয়েট মা হবেন। ২০২১ সালে নারী বিশ্বকাপ ক্রিকেট দিয়ে ফের ক্রিকেটে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন সাদারওয়েট। অস্ট্রেলিয়ায় এ বছরই হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করবেন তিনি।

২০০৭ সালে জাতীয় দলে অভিষেক সাদারওয়েটের। ১১৯টি ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০১৭ সালে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা চারটি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি।

ব্যাটিংয়ের পাশাপাশি অফব্রেক বল করে থাকেন সাদারওয়েট। ওয়ানডেতে ৪৩টি ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট তার দখলে। ২০১৮ সালের অক্টোবর থেকে অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

অন্যদিকে ২৮ বছর বয়সী তাহুহু ৬৬টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন। ডানহাতি পেসার ওয়ানডেতে ৭০টি এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত