দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৪ শ্রমিককে বরখাস্তের ঘটনায় গত সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তিন দিনের বেশি অনুপস্থিত থাকায় চুক্তির ২.১৬ ধারা লঙ্ঘনের ঘটনায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান কনসোর্টিয়াম তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, ত্রিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। অবিলম্বে ছাঁটাই সব শ্রমিকের পুনর্বহালের দাবি জানান তিনি। এ শ্রমিক নেতা আরও বলেন, শ্রমিকদের শোকজ না করে বহিষ্কার করায় শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (অ্যাডমিন) সাইফুল ইসলাম দিপু বলেন, চীনাদের সঙ্গে খনি কর্তৃপক্ষের মিটিং চলছে। মিটিং শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না।
