দনঞ্জয়ার বোলিং নিয়ে আবার সন্দেহ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১২:৫১ এএম

শ্রীলঙ্কার অফ-স্পিনার আকিলা দনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এবার মূলত তার অফ ব্রেক বোলিং অ্যাকশন নিয়েই সন্দেহ। তাই ১২ দিনের মধ্যে দনঞ্জয়াকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে। গত ডিসেম্বরেই একবার নিষিদ্ধ হয়েছিলেন দনঞ্জয়া। পরে বোলিং অ্যাকশন বদলে ক্রিকেটে ফেরেন তিনি। এবারও অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তাকে এক বছরের নিষেধাজ্ঞায় পড়তে হবে। আইসিসির নিয়ম অনুযায়ী, কেউ যদি দুই বছরের মধ্যে দু’বার ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে নিষিদ্ধ হন, তাহলে তাকে এক বছর নিষিদ্ধ থাকতে হয়। অ্যাকশন শুধরে নিলেও ওই এক বছরের মধ্যে ফিরতে পারবেন না। এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন গল টেস্টে ৩ ওভার অফস্পিন বল করতে গিয়ে বিপদে পড়েছেন। তাকেও অ্যাকশন পরীক্ষা দিতে হবে। আকিলার মতো তিনিও একবার (২০১৪ সালে) নিষিদ্ধ হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত