জেলা শহরে একটি ক্লিনিকের ফটকের সামনের রাস্তার ওপর সন্তান প্রসব করেছেন রোজিনা বেগম (৩২) নামের এক গৃহবধূ। গত সোমবার গভীর রাতে শহরের ঘুল্লিবাড়ি মোড়ে মালঞ্চ ক্লিনিকের ফটকের সামনের রাস্তায় তিনি সন্তান প্রসব করেন। এর আগে অনেক ডাকাডাকির পরও ক্লিনিকে দায়িত্বরত ফটক খোলেননি বলে অভিযোগ নারীর স্বজনদের। রোজিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামের নিয়ামুল শেখের স্ত্রী। তার শাশুড়ি বিনা বেগম (৬০) জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়িতে বসেই রোজিনা বেগমের প্রসব-বেদনা উঠলে তাকে প্রথমে শহরের নার্গিস ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক না থাকায় তাকে মালঞ্চ ক্লিনিকে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মালঞ্চ ক্লিনিকে পৌঁছানোর পর তার পুত্রবধূ প্রসব বেদনায় ছটফট শুরু করেন। ওই সময় সঙ্গে থাকা স্বজনরা মালঞ্চ ক্লিনিকের গেট খুলতে অনুরোধ করেন। পরে তারা গেটে ধাক্কাধাক্কি করেন। তাদের চিৎকারে ঘুম ভেঙে আশপাশের লোকজন ছুটে এলেও ক্লিনিক কর্র্তৃপক্ষের মন গলেনি। তারা গেট খোলেনি। ক্লিনিকের নার্স ইতি রোগী হাসপাতালে নিয়ে যেতে বলেন। এতে তারা খুবই অবাক হয়েছেন।
ঘুল্লিবাড়ি এলাকার বাসিন্দা লিমন (২০) বলেন, ‘ক্লিনিক গেটে চিৎকার, চেঁচামেচি শুনে আমি বিল্ডিংয়ের ছাদে যাই। সেখান থেকে দেখি প্রসূতিকে নিয়ে স্বজনরা বিপাকে পড়েছেন। পরে তাদের সহযোগিতায় এগিয়ে আসি। আমার দেখাদেখি আরও অনেকে এগিয়ে আসেন।’
