বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে মায়া খাতুন (২০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গত মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার বারপুর মধ্যপাড়ার বাড়িতে ছুরিকাঘাতের পর গতকাল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী রাকিবুল হাসানকে (২২) আটক করেছে পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে সদর থানার পরিদর্শক রেজাউল করিম জানান, দেড় বছর আগে রাকিবুলের সঙ্গে শিবগঞ্জ উপজেলার ভুরঘাটা গ্রামের তোজাম্মেল হোসেনের মেয়ে মায়ার বিয়ে হয়। এটি ছিল মায়ার দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই দাম্পত্যকলহ চলছিল। রাকিবুলের সন্দেহ মায়া পরকীয়ায় জড়িয়েছে, এ কারণে তাকে পছন্দ করে না। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। পরিবারের সদস্যরা রাতেই মায়াকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকালে তার মৃত্যু হয়। গতকাল বেলা ১১টার দিকে রাকিবুলকে আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছেÑ জানান এই পুলিশ কর্মকর্তা।
