অধ্যাপক মোজাফফর আহমদের অবস্থা সংকটাপন্ন

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০২:২৩ এএম

উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের অবস্থা সংকটাপন্ন।

বর্তমানে রাজধানীর এ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) জীবন-মৃত্যুর

সন্ধিক্ষণে রয়েছেন ৯৮ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক। গতকাল এসব তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেন ন্যাপের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইসমাইল হোসেন। তিনি জানান, ঠা-া লেগে বুকে কফ জমে যাওয়া এবং ব্যাকবোনে ব্যথা শুরু হওয়ায় গত ১৩ জুলাই অধ্যাপক মোজাফফর আহমদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত অন্যান্য রোগের কারণে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর গত সোমবার (১৯ আগস্ট) তাকে আইসিইউতে রাখেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। আজ (গতকাল) পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবস্থার অবনতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইসমাইল হোসেন বলেন, ‘স্যার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিতসহ অন্যান্য রোগে ভুগছেন। এজন্য ঘন ঘনই তাকে হাসপাতালে আনতে হয়েছে। এবারের অসুস্থতা বেশ গুরুতর। অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন তিনি। বলা যায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’

১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন মোজাফফর আহমদ। বাংলাদেশসহ বাম ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিতে তিনি একজন কিংবদন্তিতুল্য। নিজেকে তিনি সবসময় ‘কুঁড়েঘরের মোজাফফর’ বলে পরিচয় দিতে পছন্দ করেন।

মোজাফফর আহমদের রাজনৈতিক জীবনের শুরু ১৯৩৭ সালে। রাজনীতির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। ১৯৫৪ সালে অধ্যাপনা ছেড়ে রাজনীতিতে যুক্ত হন। মুক্তিযুদ্ধে অবদানস্বরূপ সরকার ২০১৫ সালে তাকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করলেও তিনি সবিনয়ে তা ফিরিয়ে দেন। বর্তমানে বারিধারায় মেয়ের বাসায় জীবনযাপন করছেন প্রবীণ এই নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত