অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই মিশনে প্রস্তুতির ক্ষেত্রে স্বাগতিকদের পরামর্শ দিয়ে সহায়তা করছেন কিংবদন্তি ব্রায়ান লারা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কথা মনে করিয়ে জেসন হোল্ডারদের উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি।
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দল দুটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, জ্যামাইকার কিংস্টনে।
সিরিজটি নিয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লারা বলেছেন, “‘আমার মনে হয়, ছেলেদের ওপর মানসিকভাবে প্রভাব রাখতে পারব। যদি একটা লক্ষ্যে স্থির থাকা যায়, সেই প্রস্তুতিটা অনেক ভালোভাবে হয়। আমার মনে হয়, তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে আর একটু চাঙা করার প্রয়োজন আছে।”
ভারতের বিপক্ষে টেস্টের আগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের চাঙ্গা করতেই নেটে লারা ও রামনরেশ সারওয়ানকে ডেকেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। লারাও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
প্রস্তুতিতে দলের সবাইকে উজ্জীবিত মনে হয়েছে লারার, “আমি ক্যাম্পে এই দলকে যতটা দেখেছি, তাতে সবাইকে খুব উজ্জীবিত মনে হয়েছে। তরুণ ক্রিকেটাররা প্রচণ্ড পরিশ্রম করছে। সত্যি বলতে কোচ ফ্লোয়েড রিফার ও তার টিম একসঙ্গে খুব ভালো কাজ করছে।”
“আশা করি, আমার ক্রিকেট খেলার জ্ঞান, অভিজ্ঞতাগুলো ওদের সঙ্গে শেয়ার করতে পারব। আমাদের দলের তরুণরা অত্যন্ত প্রতিভাবান। এখন আমাদের কাজ হলো, ওদের ঠিক পথে চালিত করা।”
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের কথা মনে করিয়ে দিয়ে লারা আরও বলেন, “আমার মনে হয়, ঘরের মাঠে যেমন পারফরম্যান্স করে ইংল্যান্ডকে হারিয়েছিলাম, সে কথা মাথায় রেখে নামা উচিত। আমাদের ভালো কিছু করতে গেলে বিদেশের আগে নিজেদের দেশের মাঠে জয়ের ভিত গড়তে হবে।”
লারার উপদেশে কতটা কাজ হয় তা বোঝা যাবে অ্যান্টিগা টেস্টেই।
