ভারতের দলিত সম্প্রদায়ের মানুষেরা রবিদাসের মন্দির ভাঙা নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। দিল্লির তুঘলকাবাদ এলাকা থেকে পুলিশ ৯০ জনকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দলিত শ্রেণির আক্রমণে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। শেষ পর্যন্ত ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদসহ মোট ৯০ জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।
আরও অশান্তির আশঙ্কায় ওই মন্দির এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনেক মানুষ জড়ো হতে থাকেন রবি দাস মার্গে। বাসে-ট্রেনে করে দেশটির নানা প্রান্ত থেকে তারা এসে জড়ো হন দিল্লিতে।
ঝান্দেওয়ালানের আম্বেদকর ভবন থেকে রামলিলা ময়দান পর্যন্ত মিছিল শেষে সেখানে মন্দির ভাঙার প্রতিবাদে চলে বিক্ষোভ।
দলিতদের এই জমায়েত ক্রমে হিংসার দিকে এগোলে, পুলিশ শান্তি বজায় রাখার আহ্বান জানায়। তাতে কাজ না হলে চলে লাঠি চার্জ।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে আগস্টের শুরুতে রবিদাসের মন্দির ভেঙে দেয় দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি।
