বাংলাদেশে বিএনপির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাইপাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন।
এলাহি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘যে দলটি শেখ হাসিনাকে হত্যার জন্য ২২ বার হামলা করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। গতকাল সিদ্ধান্ত হয়েছে সেই দলটিকে আমরা আর কোনো দিন বাংলাদেশের মাটিতে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা করতে দেব না।’ তিনি বলেন, এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীন করেছে। তাই আওয়ামী লীগেরই একমাত্র অধিকার আছে এই দেশে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা করার।
