২০ বছরে বাংলাদেশে ৫১ বাঘ হত্যা: প্রতিবেদন

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১০:১৬ পিএম

গত ২০ বছরে বাংলাদেশে ৫১টি বাঘ হত্যা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা 'ট্র্যাফিক'। 
বাংলাদেশের সুন্দরবন অংশে প্রতি বছর তিনটিরও বেশি বাঘ চোরাশিকারিদের হাতে নিহত হচ্ছে বলেও জানায় যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থাটি।

এক প্রতিবেদনে তারা জানায় গত চার বছর ধরে সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘ হত্যার এই চিত্র দেখা যাচ্ছে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে তারা বলেছে, বাংলাদেশে খুব অল্প সংখ্যায় বাঘ অবশিষ্ট থাকলেও চামড়া, দাঁত, হাড়, মাথার খুলি ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের জন্য বাঘ হত্যার প্রবণতা বাড়তির দিকে।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছরে বাংলাদেশে ৫১টি বাঘ হত্যা করা হয়েছে। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যের সময়টাতে প্রতিবছর গড়ে ৩.১টি বাঘ চোরা শিকারীদের হাতে প্রাণ হারিয়েছে। অথচ ২০০০ থেকে ২০১৪ সালের মধ্যে বছরে গড়ে ২টি বাঘ শিকারের ঘটনা ছিল।

২০০০ থেকে ২০১৮ সালের বিশ্বজুড়ে বাঘ সংক্রান্ত তথ্য সম্বলিত এই প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে ৩২টি দেশ ও অঞ্চলে কম করে হলেও ২৩৫৯টি বাঘ হত্যা করা হয়েছে। এর মধ্যে ১১৪২টি ক্ষেত্রে বাঘের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে, যার বেশিরভাগ ঘটনাই আবার এশিয়া অঞ্চলে।

বিশ্বজুড়ে বাঘ হত্যার ঘটনাগুলোর মধ্যে ৯৫.১ শতাংশ ঘটেছে এশিয়ার ১৩টি দেশে যাতে প্রাণ হারিয়েছে ২,২৪১টি বাঘ। প্রতিবছর গড়ে ১২৪টি বাঘের দেহ উদ্ধার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত