ভারতের কর্ণাটক প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য কীর্তি গড়লেন কৃষ্ণাপ্পা গৌতম। শুক্রবার ব্যাট হাতে মাত করার পর বল হাতেও গড়েন দুর্লভ নজির। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার টি-টোয়েন্টি ম্যাচটিতে ব্যাট হতে ১৩৪ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে নেন ৮ উইকেট। শিমোগা লায়ন্সের বিপক্ষে কৃষ্ণাপ্পার দল বেলারি টাস্কার্সের জয় তুলে নেয় ৭০ রানে।
কৃষ্ণাপ্পা গৌতম নামটির সঙ্গে অনেকেই নিশ্চয়ই পরিচিত। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা গেছে তাকে। শুক্রবার ব্যাট এবং বল হাতে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন ৩০ বছর বয়সী কৃষ্ণাপ্পা গৌতম।
ব্যাট হাতে রেকর্ড গড়ে সেঞ্চুরি করেন। মাত্র ৩৯ বলে শতক পূরণ করেন তিনি। কর্ণাটক প্রিমিয়ার লিগের ইতিহাসে যা দ্রুততম। এ ছাড়া কৃষ্ণাপ্পার ৫৬ বলে করা ১৩৪ রানটিই এখন এই আসরের সর্বোচ্চ রানের স্কোর।
এ ছাড়া আসরের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন কৃষ্ণাপ্পা। মোট ১৩টি ছক্কা হাঁকান তিনি। সঙ্গে মেরেছেন ৭ চার। ১০৬ রান বাউন্ডারি থেকেই করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এরপর বল হাতে তার অফ স্পিন ঝলক। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান ব্যয়ে তুলে নেন প্রতিপক্ষের ৮ উইকেট। টি-টোয়েন্টি ইতিহাসে এটিই সেরা বোলিংয়ের রেকর্ড।
যদিও এই রেকর্ড অফিশিয়ালভাবে স্বীকৃত হবে না। কারণ আঞ্চলিক টি-টোয়েন্টি লিগ অফিশিয়ালভাবে স্বীকৃত নয়। এটি ‘অন্যান্য টি-টোয়েন্টি’ হিসেবে বিবেচিত হবে।
