নাটোরের গুরুদাসপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার গোপীনাথপুর গ্রামের আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬) গ্যাসট্যাবলেট খেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, দুই মাস আগে স্বপ্নার সঙ্গে আবু হাসানের বাল্যবিয়ে হয়। কিন্তু মাঝেমধ্যেই তাদের মধ্যে কলহ চলত।
গুরুদাসপুর পৌর এলাকার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে কর্মরত অবস্থায় আসাদ (২৫) নামে এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া গ্রামের মকলেছ আলীর ছেলে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পিপলা মিস্ত্রিপাড়া গ্রামের রাসেলের স্ত্রী বৃষ্টি খাতুন (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার শালমারা গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বৃষ্টি ও রাসেলের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে স্থানীয়রা জানিয়েছে।
