জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নের জন্য ৮ সদস্যের সংসদীয় বোর্ড গঠন করা হয়েছে। গতকাল শনিবার জাপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে আহ্বায়ক ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে এই বোর্ড গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, গোলাম কিবরিয়া টিপু, শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
আজ রবিবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় থেকে রংপুর-৩ (শূন্য) আসনের জন্য ফরম বিতরণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় সাবেক রাষ্ট্রপতি এরশাদের। একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে ১৪ জুলাই থেকে আসনটি শূন্য ঘোষণা করে তা গেজেট আকারে নির্বাচন কমিশনে পাঠায় সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী শূন্য ঘোষিত হওয়ার ৯০ দিনের মধ্যে আসনটিতে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
