মেসি-সুয়ারেজের অভাব বুঝতে দিলেন না এক গ্রিজমান

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৯:১৪ এএম

ইনজুরির কারণে লিওনেল মেসি ছিলেন না। ছিলেন না লুইস সুয়ারেজও। কিন্তু বার্সেলোনা এই দুই তারকার অভাব বুঝল না এক অ্যান্তনিও গ্রিজমানের কারণে। লা লিগায় ঘরের মাঠে নিজের অভিষেক ম্যাচে জোড়া গোল করে রিয়াল বেতিসের বিপক্ষে দলকে এনে তিনি দিয়েছেন ৫-২ ব্যবধানের বড় জয়।

গত জুলাইতে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে গ্রিজমানকে দলে ভেড়ায় স্প্যানিশ ক্লাব বার্সা। তার চুক্তির মধ্যে ৮০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজও রয়েছে। যার কারণে তিনি এখন পৃথিবীর পঞ্চম দামি ফুটবলার। তার আগে রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপে, ফিলিপে কৌতিনহো এবং জোয়া ফেলিক্স।

গ্রিজমানের মূল দায়িত্ব সেন্টার ফরোয়ার্ডে। এটি সামলে দ্বিতীয় স্ট্রাইকার কিংবা লেফট উইঙ্গার হতে পারেন বলেই ফুটবলবিশ্বে তাকে নিয়ে কাড়াকাড়ি গত কয়েক বছর ধরে।

বার্সার মাঠে এদিন ৪-৩-৩ ফর্মেশনে সেন্টার ফরোয়ার্ডে দারুণ দক্ষতা দেখিয়েছেন। তার দুই পাশে ছিলেন রাফিনহা এবং কার্লস পেরেজ। এর মধ্যে পেরেজ গোল পেয়েছেন। বাকি গোল দুটি জর্ডি আলবা এবং আরতুরো ভিদালের।

৫০তম মিনিটে ‘প্রিয়’ বাঁপায়ের শটে দ্বিতীয় গোল করে সমর্থকদের কাছে গিয়ে উদ্‌যাপন করেন গ্রিজমান। এনবিএ স্টার লিবর্ন জেমসের মতো সাইডলাইনে থাকা বার্সাকর্মীর কাছ থেকে ‘জরি’ নিয়ে বিদ্যুতের ঝলকানির মতো সেটি ছুড়ে দেন সমর্থকদের দিকে।

ম্যাচ শেষে বলেন, ‘আমি লিবর্নের উদ্‌যাপন পছন্দ করি। চেষ্টা করেছি তাকে অনুকরণ করতে।’

অনুকরণ করার কথা বলেন মেসিকেও, ‘অনুশীলনে মেসি যেভাবে গোল করে সেটি দেখেছি। ম্যাচে তার মতো গোল করার চেষ্টা করেছি।’

বার্সা গত দশকে প্রথমবারের মতো এবারই লিগের শুরুর ম্যাচে হেরেছে। গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হারতে হয় তাদের।

ওই ম্যাচেও ছিলেন না মেসি। সেদিন হাফটাইমের আগে আহত হন সুয়ারেজ। আরেক ফরোয়ার্ড ডেম্বেলেও ইনজুরড।

মেসি না থাকায় এদিন সিনিয়র দলে অভিষেক হয় ১৬ বছর বয়সী অনসু ফাতির। স্প্যানিশ লিগে তিনি বার্সার দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত