পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। রবিবার রাতে সদর উপজেলার কুলুনিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল কাদের জানান, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে একটি জমির মালিকানা নিয়ে আশরাফ আলী ও ইদ্রিস আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে রবিবার রাত ৮টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস আলী গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, সংঘর্ষে আহত রিপন আলী (৩০) ও সিদ্দিক আলী (৩৫) নামের অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
