প্রথম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি আছে। রবিবারে দিনাজপুরের হাকিমপুর উপজেলার জামালপুর মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে সাগর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তার খালু আব্দুর রহিমের বাড়িতে থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরের পর বাড়ির পাশেই কয়েকজন শিশু খেলা করছিল। এসময় সাগর শিশুটিকে ফুসলিয়ে পাশে কচুক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত সাগর পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন অসুস্থ শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। শিশুটির অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে সোমবার দুপুরে শিশুটির বাবা-মা ও অন্যান্য স্বজনরা এ ঘটনায় অভিযুক্ত সাগরের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল করিম রেজা দেশ রূপান্তরকে বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় রবিবার রাতে থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
