সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ নিয়ে বলিউড দর্শকদের আগ্রহের শেষ নেই। এই সিনেমায় প্রথমবারের মতো সালমান খান ও আলিয়া ভাটের জুটি হওয়ার কথা রয়েছে।
এবার সেই সিনেমা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সোমবার সকালে সালমান টুইটারে জানান, ‘ইনশাল্লাহ’ আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে না। সিনেমাটির মুক্তি পিছিয়ে যাচ্ছে।
তবে ভক্তদের জানান, ওই ঈদে তাকে পর্দায় ঠিকই দেখা যাবে।
এদিকে পরিচালক সঞ্জয় জানান, এই মুহূর্তে ‘ইনশাল্লাহ’ নিয়ে এগোচ্ছেন না তিনি।
টুইটারে তিনি বলেন, বানসালি প্রোডাকশনস ঠিক করেছে এই মুহূর্তে ‘ইনশাল্লাহ’ নিয়ে সামনে এগোবে না। খোদা চাইলে বাকি ঘোষণা শিগগিরই আসবে।
অনেক দিন ধরে সিনেমাটির প্রস্তুতি নিচ্ছিলেন এই নির্মাতা। কিন্তু শুটিং শুরুর আগ মুহূর্তে কেন এমন ঘোষণা এলো- জানা যায়নি। এমনও শোনা গিয়েছিল, কয়েক দিনের মধ্যে মেহবুব স্টুডিওতে আলিয়ার একটি গানের দৃশ্যায়ন হবে।
এই সিনেমার মাধ্যমে দেড় দশক পর একসঙ্গে কাজের কথা ছিল সঞ্জয় ও সালমানের। অন্যদিকে গুণী এই নির্মাতার সঙ্গে কখনো কাজ করেননি আলিয়া।
