পুকুরে মিলল নিখোঁজ দুই শিশুর লাশ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১০:৩৩ এএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজের পরদিন স্থানীয় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো- বল্লবপুর গ্রামের বাসিন্দা সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে সালমান ও তায়েবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজ করলেও পাওয়া যাচ্ছিল না। এরপর শিশুদের নিখোঁজ হওয়া নিয়ে মাইকিং করা হয়।

আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে দুজনের মরদেহ পুকুর থেকে তুলে বাড়িতে নেওয়া হয়।

বানিয়াচঙ্গ থানার ওসি রাশেদ মোবারক জানান, শিশু নিখোঁজের বিষয়ে আমাদের কেউ অবগত করেননি। মঙ্গলবার সকালে লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওরা পানিতে ডুবে মারা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মুত্যুর আসল কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত