কোচ হতে পিসিবির ক্রিকেট কমিটি থেকে মিসবাহর পদত্যাগ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:১৭ পিএম

তাহলে গুঞ্জনটাই কী সত্যি হতে হচ্ছে? পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন মিসবাহ-উল-হক! কোচের পদে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই অধিনায়ক। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করছেন তিনি।

ক্রিকেট কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারটি সোমবার পিসিবির পরিচালক জহির খানকে জানান মিসবাহ। এরপর আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের পদে আবেদন করেন সাবেক তারকা এই ক্রিকেটার।

চলতি মাসের শুরুতে প্রধান কোচ মিকি আর্থার ও তার সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় পিসিবি। কারণ বিশ্বকাপে ব্যর্থতা। আর্থারের উত্তরসুরি হিসেবে মিসবাহর নাম শোনা যাচ্ছিল। এই সম্ভাবনা এবার আরো জোরালো হলো।

পিসিবি’র এক বিবৃতিতে কোচের পদে আবেদন করা নিয়ে মিসবাহ বলেছেন, “প্রতিযোগিতা কঠিন হবে জেনেও আমি সম্পূর্ণভাবে সচেতন হয়ে প্রধান কোচের পদে আবেদন করছি। আমার বিবেচনায় কোচের পদে অত্যন্ত দক্ষ ও খুব যোগ্যতাসম্পন্ন কয়েকজন ক্রিকেটের অন্যতম চ্যালেঞ্জিং এই চাকরির জন্য আবেদন করেছেন। পাকিস্তান ক্রিকেট টিমের কোচ হওয়াটা সবারই স্বপ্ন থাকে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত