যুক্তরাষ্ট্রের তাড়া করা সেই ট্যাংকার বেচে দিল ইরান

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৫:০১ পিএম

মার্কিন প্রশাসন থেকে আটকের নির্দেশ দেওয়া সেই তেলবাহী ট্যাংকার ‘অজ্ঞাত ক্রেতার’ কাছে বিক্রি করে দিয়েছে ইরান। ট্যাংকারটি এখন ভূমধ্যসাগরে আছে।

ব্রিটিশ মেরিন সেনাদের হাত থেকে ছাড়া পাওয়ার পর ট্যাংকারটির আগের নাম গ্রেস-১ বদলে আদ্রিয়ান দারিয়া-১ রাখা হয়। এতে ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে, এমন সন্দেহে জাহাজটিকে জব্দ করা হয়েছিল।

ইরান সরকারের এক মুখপাত্র তেহরানে এক সংবাদ সম্মেলনে তেলসহ জাহাজটি বিক্রি করে দেওয়ার কথা জানান।

তিনি বলেন, ‘এখন জাহাজটির গন্তব্য কী হবে, তা তার ক্রেতাই ঠিক করবেন।’

জাহাজটি ভূমধ্যসাগর থেকে এখন পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অনুরোধে গত ৪ জুলাই ব্রিটিশ মেরিন সেনারা ইরানি ট্যাংকারটি আটক করে। পরে সেটি জিব্রাল্টার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাংকারটির বিরুদ্ধে জিব্রাল্টার তার আটকাদেশ প্রত্যাহারের একদিন পর যুক্তরাষ্ট্র তা বহাল রাখার অনুরোধ জানায়।

জিব্রাল্টারের পক্ষ থেকে বলা হয়, নতুন আটকাদেশ জারি করার ওয়াশিংটনের অনুরোধ তারা রাখতে পারছে না। কেননা ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নে প্রযোজ্য নয়। এরপর যুক্তরাষ্ট্র নিজেরাই পরোয়ানা জারি করে।

গ্রেস-১ আটকের দুই সপ্তাহ পর ১৯ জুলাই হরমুজ প্রণালিতে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার স্টেনা ইম্পেরো জব্দ করে ইরান। তখন তারা দাবি করে, জাহাজটি ‘আন্তর্জাতিক সামুদ্রিক আইন’ লঙ্ঘন করেছে। এনিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত