লক্ষ্মীপুরের রায়পুর পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের হালিমা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু- নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও একই এলাকার মো. মিজানের মেয়ে মিম আক্তার (১০)। তারা দুজনেই হালিমা মাদ্রাসার দ্বিতীয় ও ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
মিজান ময়মনসিংহ জেলায় বাসিন্দা ও নজরুল রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা। তারা পরিবার নিয়ে বাসা ভাড়া করে বসবাস করতেন।
নিহতের স্বজনেরা জানান, দুপুরের পর হালিমা মাদ্রাসা সংলগ্ন খোলা একটি মাঠে বাসার প্রতিবেশী আরও কয়েকজন শিশুসহ সুমাইয়া ও মিম খেলা করছিল। খেলার সময় সুমাইয়ার পায়ে কাদা লাগলে সে পা পরিষ্কার করার জন্য মাদ্রাসার পাশের ডোবায় যায়। এ সময় হঠাৎ পা পিছলে সে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। ডোবার তীরে দাঁড়িয়ে থাকা মিম তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে ডুবে যায়।
পরে সেখানে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে দুজনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার বলেন, হাসপাতাল থেকে দুই শিশুকে মৃত ঘোষণার পর স্বজনেরা দুজনের লাশ বাড়িতে নিয়ে আসেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ছাড়া প্রাথমিক তদন্তেও দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। ফলে লাশ দুটির ময়নাতদন্ত করা হয়নি।
