সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ বাংলাদেশ কোচের

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৮:৪৩ পিএম

প্রথম দুই ম্যাচে বড় জয়ে একরকম উড়ছিল বাংলাদেশের কিশোররা। তবে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে বাস্তবতা বুঝেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাজে রক্ষণ আর দুর্বল গোলকিপিংয়ে হারতে হয়েছে বড় ব্যবধানে। এই দুই কারণের চেয়েও অবশ্য বাংলাদেশ কোচের হতাশা ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায়।

মঙ্গলবার নেপালের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে থাকতে ফাইনাল নিশ্চিত হতো কোচ মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যদের। কিন্তু এদিন হয়েছে উল্টোটা।

নেপালের কাছে হারায় ফাইনালে যাওয়ার পথটাই এখন কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। লিগ পর্বের শেষ ম্যাচে এখন ভারতকে হারালেই হবে না, তাকিয়ে থাকতে হবে নেপালের ম্যাচের দিকেও।

এদিন হারের ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ কোচ আনোয়ার পারভেজ বললেন, ‘খেলার শুরুতেই আমরা সুযোগ পেয়েছিলাম। সেই সুযোগ আমাদের স্ট্রাইকাররা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। খেলা সমানতালেই চলছিল। আমাদের ডিফেন্ডারের ভুলে ও সেই বলেই গোলরক্ষকও আরো একটা মিসটেক করার কারণে ওরা সুযোগ পেয়ে যায়। এক গোলে এগিয়ে যায় ওরা।’

‘তারপরও আমরা চাপ প্রয়োগ করে খেলতে থাকি। ওদের ডিফেন্ডাররা শক্তভাবে সেগুলো মোকাবিলা করতে থাকে। খেলায় আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেগুলো আর কাজে লাগাতে পারিনি।’

হারের ব্যাখ্যায় আনোয়ার পারভেজ আরো বলেন, ‘দ্বিতীয়ার্ধের শুরুতেই আমরা সুযোগ পেয়েছিলাম। একটা গোল শোধ করি। খেলা চলছিল। আমাদের খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে না পারায় এবং গোলরক্ষকের ভুলে নেপাল এগিয়ে যায়।’

নেপালের বিপক্ষে এই হার ভুলে এখন ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা করার পালা বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করা দলটার বিপক্ষে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারতকে শক্তিশালী আখ্যা দিয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘ভারত শক্তিশালী দল। আমরা অবশ্যই একটা পরিকল্পনা করব। তাদের সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়। খেলার ওপর বাকিটা নির্ভর করবে। এখনই এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত