আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
পরিস্থিতি ঠিক থাকলে ইরান পরমাণু চুক্তি নিয়ে সৃষ্ট অচলাবস্থা অবসানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর গতকাল মঙ্গলবার রুহানি ওই জবাব দেন বলে জানিয়েছে বিবিসি। ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয়টি দেশের ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে গত বছর ট্রাম্প সরে আসার পর থেকেই যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এই পরিস্থিতিতেই দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে ট্রাম্প ও রুহানির মধ্যে বৈঠকের উদ্যোগ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রুহানি জানিয়েছেন, ‘ইরান সব সময় আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু প্রথমে ইরানের ওপর আরোপিত সব অবৈধ, অন্যায্য ও পক্ষপাতদুষ্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত।’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা ফ্রান্সের বিয়ারিৎজের ওই সংবাদ সম্মেলনেই নাকচ করেছেন ট্রাম্প।
