আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ

প্রকল্পের কাজ শেষ ৬৫%

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১০:১৮ পিএম

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজ চলছে। ৬ হাজার ৫০৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণকাজ করছে দেশি-বিদেশি তিনটি প্রতিষ্ঠান। ২০১৪ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির কাজ বর্তমানে শেষ হয়েছে ৬৫ শতাংশ। ২০২০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ রেলপথ চালু হলে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে প্রায় ২ ঘণ্টা সময় কমে আসবে।

আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, ৭২ কিলোমিটার রেলপথে ডুয়েলগেজ নির্মাণকাজ চলছে। এই প্রকল্পের অধীনে ১৩টি বড় সেতুসহ ছোট-বড় মোট ৪৬টি সেতু ও কালভার্ট নির্মাণ হচ্ছে। এছাড়া নির্মাণ হচ্ছে কম্পিউটারাইজড সিগন্যাল ব্যবস্থাপনাসহ ১১টি রেলস্টেশন। ইতিমধ্যে ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের গতি বাড়ার পাশাপাশি যাতায়াতে প্রায় ২ ঘণ্টা সময় কমে আসবে। 

প্রকল্প সূত্রে জানা যায়, এ রেলপথ নির্মাণ প্রকল্পে ৬ হাজার ৫০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটি সরকারের নিজস্ব (জিওবি) এবং এডিবি ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থের পরিমাণ ১ হাজার ২৬ কোটি ৬৬ লাখ টাকা। পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিমূল্য ২৩১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৩৯৩ টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের জুন পর্যন্ত। নির্মাণ করছে ম্যাক্স ও তমা কনস্ট্রাকশন এবং চীনের একটি প্রতিষ্ঠান। প্রকল্প তদারকিতে আছে ৫টি যৌথ পরামর্শক প্রতিষ্ঠান। সেগুলো হলোÑ কোরিয়া রেল নেটওয়ার্ক অথরিটি, কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং, জাপানের ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল, ভারতের বেলাজি রেল রোড সিস্টেমস ও বাংলাদেশের ডেভেলপয়েন্ট ডিজাইন কনসালট্যান্ট।

রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক সরদার শাহাদাত আলী জানান, লাকসাম থেকে লালমাই পর্যন্ত ডুয়েলগেজ এখন ট্রেন চলাচলে উপযোগী। তবে আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে। সেগুলোর নির্মাণকাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত