জয়পুরহাটে নকল ওষুধ তৈরির কারখানা সিলগালা

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১১:৫৭ পিএম

নকল স্যালাইন ও ইনো তৈরির কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তঘেঁষা ধরঞ্জী ইউনিয়নের দালালপাড়া গ্রামের মাহবুব নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুব তার বাড়িতে গোপনে মেশিন বসিয়ে নকল ইনো ও খাবার স্যালাইন তৈরি করে আশপাশের জেলা এবং বিভিন্ন উপজেলার দোকানে বিক্রি করতেন। কয়েক দিন আগে জয়পুরহাট সদর উপজেলার মাগণীপাড়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির আট শিক্ষার্থী ফেরিওয়ালার কাছ থেকে ওই ইনো কিনে পানিতে মিশিয়ে পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর গ্রামবাসী প্রশাসনের নজরে আনে নকল ইনো ও স্যালাইন তৈরি কারখানার।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম বলেন, রাতে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া না যাওয়ায় দরজা ভেঙে নকল কাঁচামাল ও মেশিনপত্র জব্দ করে বাড়িটি সিলগালা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত