বিশ্বকাপ শেষে ফেরার পর ক্রিকেট থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। অংশ নেন সেনা ট্রেনিংয়ে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরবেন এমন শোনা যাচ্ছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধোনিকে বাইরে রেখেই দল গঠনের পরিকল্পনা করছে নির্বাচকেরা।
প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। যার প্রথমটি ধর্মশালায় ১৫ সেপ্টেম্বর। মহালিতে দ্বিতীয়টি ১৮ সেপ্টেম্বর, তৃতীয় ম্যাচ বেঙ্গালুরুতে ২২ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বরই ঘোষণা হয়ে যেতে পারে ভারতীয় দল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে ভারত। সেই দলটাকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাতে চায় ভারতীয় নির্বাচকেরা। যদি না কারো ফিটনেসে সমস্যা থাকে।
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল তৈরি করাই উদ্দেশ্য নির্বাচক কমিটির। তরুণদের দিকেই তাই মনোযোগ নির্বাচকদের। রিশভ পন্ত, ইষান কিষান ও সাঞ্জু স্যামসন- এই তিন উইকেটরক্ষক থাকছেন নির্বাচকদের পছন্দের তালিকায়।
