অর্থমন্ত্রীর আগাম ঘোষণা

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন আনোয়ারুল ইসলাম

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০২:৫৯ এএম

নতুন মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর বিদায় নিয়ে বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন মোহাম্মদ শফিউল আলম। গতকাল বুধবার সচিবালয়ের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের বিষয়ে গতকাল বুধবার পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করেনি জনপ্রশাসন  মোশাররাফ হোসাইন ভূইঞা এখন বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী মাসেই তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শফিউল আলম তার স্থলাভিষিক্ত হবেন।

আগামী ১৫ ডিসেম্বর চাকরি থেকে অবসরে যাবেন খন্দকার আনোয়ারুল ইসলাম। এরপর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব পদে রাখা হতে পারে বলে জানা গেছে। গতকাল রাতে খন্দকার আনোয়ারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এখনো কিছু জানি না। কোনো প্রজ্ঞাপন হয়নি। তবে লোকমুখে শুনেছি।’

আনোয়ারুল ইসলাম হবেন দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব। তিনি মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। চাকরির মেয়াদ শেষে এক বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করছেন শফিউল আলম। তিনি বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন।

অর্থমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পাচ্ছেন।

নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কেবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

এ সময় উপস্থিত বর্তমান মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবকিছু চূড়ান্ত। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। তিনি ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পান। ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব হন। ১৯৮২ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আনোয়ারুল ইসলাম কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খন্দকার আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত