ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তিন নাইজেরিয়ান নাগরিকসহ পাঁচজনকে আটক করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে উপজেলার কেতরাংগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফেনীস্থ বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেতরাংগা সীমান্তে অভিযান চালায় বিজিবি।
এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ান নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬), বাংলাদেশি নাগরিক মো. সবুর মিয়া (৩৭) ও মো. ইমাম হোসেনকে (৩৭) আটক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য প্রাইভেটকারযোগে ঢাকা থেকে তারা রওনা দেন। তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ ডলার, নগদ ১৭ হাজার ২০০ টাকা, দুইটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল পাওয়া যায় বলেও তিনি জানান।
বিজিবির এ অধিনায়ক জানান, আটক পাঁচজনকে পরশুরাম মডেল থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
