আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডে পর্দার আড়ালে নেপথ্যে যারা ছিল সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার। গতকাল শুক্রবার রাজধানীর খামারবাড়ীর আ কা মু গিয়াসউদ্দিন মিলকি মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ। কৃষিমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শকে নিঃশেষ করে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করে যখন ঘাতকরা বুঝতে পারল তার চেতনা, তার আদর্শের মৃত্যু নেই তখন চিরতরে নিঃশেষ করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় শেখ হাসিনাসহ গোটা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য। নেত্রীকে এ পর্যন্ত ২২ বার হত্যাচেষ্টা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুর হত্যার আগে ও পরে হত্যাকারী কর্নেল ফারুক-রশিদ বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা নিয়ে তার কাছে গেলে তিনি বলেনÑ তোমরা কর, আমি সিনিয়র অফিসার হিসেবে সামনা-সামনি থাকতে পারি না।’
