হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকার জামিয়া বাবুস সালাম মাদ্রাসা মার্কেটে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। গতকাল রবিবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের অধীন ওয়াকফ প্রশাসনের কোটি টাকার সম্পত্তি দখলে নিতে গিয়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে প্রিন্স নামে মার্কেটের এক দোকান মালিকের অবস্থা গুরুতর।
মার্কেটের ব্যবসায়ী মোবারক হোসেন দেশ রূপান্তরকে জানান, মাদ্রাসা কমিটি মার্কেটের দোকান ও আবাসিক হোটেল থেকে দীর্ঘদিন ধরে জোরজবরদস্তি করে ভাড়া আদায় করে আসছিল। কিন্তু ওই টাকা ওয়াকফে জমা না দেওয়ায় এ নিয়ে আদালতে মামলা চলছে। আবার স্থানীয় কাউন্সিলর আনিছুর রহমান নাঈমও মার্কেটে গড়ে তোলা আবাসিক হোটেল ও কয়েকটি দোকান দখলে রেখে প্রভাব বিস্তার করছেন। এরই মধ্যে গতকাল ভাড়ার টাকার দাবিতে মার্কেটে আসে ওয়াকফ প্রশাসন। এ পরিস্থিতিতে একদিকে মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমানকে ভাড়া প্রদান এবং অন্যদিকে ওয়াকফ কমিটির ভাড়া আদায়ের তাগিদে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।
সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ওসি নূর-ই আজম দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
