ঢাবি কর্মচারীসহ সড়কে নিহত ৫

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৩ এএম

কুমিল্লায় বাসচাপায় মুসা কলিমুল্লাহ (৫৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল রবিবার কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক, সাভারে বাসচাপায় পথচারী, শরীয়তপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ এবং জামালপুরের মেলান্দহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত হন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

কুমিল্লা : পদুয়ার বাজার এলাকায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের কর্মচারী মুসা কলিমুল্লাহ বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামের বাসিন্দা। ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পদুয়ার বাজার স্টেশনে যান মুসা। বাসে ওঠার জন্য মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মৌলভীবাজার : শ্রীমঙ্গলে এনা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার অপু রঞ্জন দে (৩২) নিহত হন। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার শাসন গ্রামের নগেন্দ্র চন্দ্রের ছেলে। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস সালেক জানান, মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন অপু। নোয়াগাঁও এলাকায় আসার পর একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে আসা ঢাকা থেকে মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

সাভার : দুপুরে আমিনবাজার এলাকায় বাসচাপায় শফিকুল সরদার নামে এক পথচারী নিহত হন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার রতনকান্দি গ্রামের বাসিন্দা। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস চাপায় গুরুতর আহত হন শফিকুল। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুর : সদর উপজেলার কাশিপুর হিন্দুপাড়া এলাকায় গতকাল বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক খান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা। পরিবারের বরাত দিয়ে পালং মডেল থানার এসআই আতিয়ার রহমান জানান, দুপুরের খাবার খেয়ে আংগারিয়া বড় ব্রিজের পাশে ছেলে মিলন খানের অটোরিকশার পার্টসের দোকানে যাচ্ছিলেন ফজলুল। এ সময় একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর : দুপুরে মেলান্দহের চরপলিশা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শাহতুন বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মেলান্দহ থানার ওসি রেজাউল করিম জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল শাহতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত