ঘুষের দুই লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বেলা সাড়ে ১১টায় তার নিজ কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম তাকে হাতেনাতে আটক করে। দুদকের সমন্বিত জেলা কার্্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা সাইফুর রহমানকে আটক করতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ টিম গঠন করা হয়।
অভিযোগকারীর কাছ থেকে জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা গ্রহণকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা।
